জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন
জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন
আসমাউল আসিফ, স্টাফ রিপোর্টার:
‘পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন, এখনই সময় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে কার্যকর পদক্ষেপের’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে।
রোববার (৭ জুন) দুপুরে এ উপলক্ষে শহরের ফৌজদারী মোড়ে মানববন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে সনাক জামালপুরের সভাপতি শামীমা খানের সভাপতিত্বে বক্তব্য দেন ক্যাব জামালপুরের সভাপতি অধ্যাপক মাসুম আলম খান, সনাক সদস্য মনোয়ারা খানম, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) জামালপুর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ আলী, জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জামালপুর শাখার সাধারণ সম্পাদক এনামুল হক, ব্র্যাক জেলা সমন্বয়কারী মো. শফিকুল ইসলাম, সনাক সদস্য আসমাউল আসিফ এবং ইয়েস গ্রুপের সহ-দলনেতা রত্ন বারইসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু ঝুঁকি মোকাবেলায় প্রণীত আইন, নীতি ও পরিকল্পনায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অভিযোজন ও টিকে থাকার সক্ষমতা বৃদ্ধির বিষয়কে গুরুত্ব দিতে হবে। একইসঙ্গে জলাভূমি দখল ও বন উজাড় বন্ধ করে পরিবেশ নির্ভর জনগোষ্ঠীর প্রাকৃতিক সম্পদভিত্তিক অভিযোজনের সুযোগ বাড়ানোর আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, প্লাস্টিক দূষণ ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে কার্যকর পরিকল্পনা গ্রহণ জরুরি। দুর্যোগ-পরবর্তী ই-বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি ‘দুর্যোগকালীন বর্জ্য ব্যবস্থাপনা প্রটোকল’ প্রণয়নেরও দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারের উদাসীনতার কারণে নদী, খাল ও বিল দখল এবং দূষণের শিকার হচ্ছে। পরিবেশ দূষণের নেতিবাচক প্রভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলেও আইনি জটিলতার কারণে প্রতিকার পেতে ভোগান্তির শিকার হতে হয়।
এছাড়া বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব বাংলাদেশের ওপর পড়ছে উল্লেখ করে বক্তারা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও পরিবেশ দূষণ রোধে সরকার এবং বিশ্ব নেতাদের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
জামালপুর ট্রিবিউন / আবু সাঈদ
.png)
একটি মন্তব্য পোস্ট করুন