জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত
জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহতজামালপুরে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের মুদিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে বিল্লাল হোসেন (৫০) নামে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তিনি মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের আমলিতলা গ্রামের মৃত আব্দুল ওয়াদুদের ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস পেছন দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ কয়েকজন যাত্রী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত রবিন চৌধুরী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। তিনি মাদারগঞ্জ উপজেলার চর পাকেরহদ গ্রামের বাসিন্দা।
আহত রবিন চৌধুরী বলেন, “আমরা ময়মনসিংহ থেকে জামালপুরের দিকে আসছিলাম। হঠাৎ পেছন থেকে একটি বাস সিএনজিটিকে ধাক্কা দিলে সবাই ছিটকে পড়ে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।”
নিহত বিল্লাল হোসেনের ভাতিজা আরিফ হাসান জানান, বিল্লাল হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে বড় ছেলে, এইচএসসি পরীক্ষার্থী রাজনের সঙ্গে ময়মনসিংহে দেখা করে সিএনজিতে বাড়ি ফিরছিলেন। ফেরার পথেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, “দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। একজনের পরিচয় শনাক্ত হয়েছে, অন্যজনের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

একটি মন্তব্য পোস্ট করুন