রাস্তার পাশে অসহায় বৃদ্ধা, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে মিলল আশ্রয়
প্রশাসনের দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
প্রকাশঃ
জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের ব্রহ্মোত্তর গ্রামের বাসিন্দা আমেনা বেগম (৬০) উচ্ছেদের অভিযোগে কয়েকদিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে দ্রুত উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।
স্থানীয়দের অভিযোগ, প্রয়াত স্বামীর রেখে যাওয়া বসতভিটায় দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন আমেনা বেগম। সম্প্রতি জমি নিয়ে বিরোধের জেরে তাকে বসতভিটা থেকে উচ্ছেদ করা হয়। এরপর আশ্রয়হীন হয়ে রাস্তার পাশে অবস্থান করতে বাধ্য হন তিনি। বয়সের ভার, অসুস্থতা এবং খাদ্য ও চিকিৎসার অভাবে চরম দুর্ভোগে পড়েন এই বৃদ্ধা।
ঘটনার খবর পেয়ে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনিন আখতার তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশে নরুন্দি ইউনিয়ন পরিষদের সচিব ও সংশ্লিষ্ট ইউপি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন।
প্রশাসনের উদ্যোগে আমেনা বেগমকে আপাতত তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে তার নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে প্রশাসন।
প্রশাসনের দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা করছেন, বিষয়টির সুষ্ঠু তদন্ত করে স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে এবং আমেনা বেগমের বসবাসের নিরাপদ ব্যবস্থা করা হবে।
অন্যদিকে, প্রশাসনের সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমেনা বেগম। দীর্ঘদিনের অনিশ্চয়তার পর অন্তত নিরাপদ আশ্রয়ের আশ্বাস পেয়ে কিছুটা স্বস্তি ফিরেছে তার জীবনে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ
একটি মন্তব্য পোস্ট করুন