মেলান্দহে ভেজাল সরিষার তেল তৈরির কারখানা সিলগালা, মালিককে ১ লাখ টাকা জরিমানা
মেলান্দহে ভেজাল সরিষার তেল তৈরির কারখানা সিলগালা, মালিককে ১ লাখ টাকা জরিমানাজামালপুরের মেলান্দহে ভেজাল সরিষার তেল উৎপাদন ও বাজারজাতের অভিযোগে ‘শশী অয়েল মিল’ নামে একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানার মালিক মো. আলিম উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে পৌরসভার শাহজাতপুর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই অবৈধভাবে লোগো ব্যবহার করে ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এছাড়া কারখানায় উৎপাদিত তেল জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় মজুত থাকা সব ভেজাল তেল ধ্বংস করা হয় এবং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, “কারখানাটির তেল উৎপাদনের কোনো বৈধ কাগজপত্র ছিল না। অভিযানে ভেজাল তেল উৎপাদনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তাই প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। প্রাথমিকভাবে মালিককে এক মাসের কারাদণ্ড দেওয়ার বিষয়টি বিবেচনায় ছিল। তবে তিনি হার্টে রিং পরানোর চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র উপস্থাপন করায় মানবিক দিক বিবেচনা করে কারাদণ্ড না দিয়ে জরিমানার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।”
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, “আগে সংগ্রহ করা নমুনার পরীক্ষাগারে বিশ্লেষণে এই তেলে কোনো স্বীকৃত ভোজ্যতেলের উপস্থিতি পাওয়া যায়নি। অল্প পরিমাণ সরিষার তেলের সঙ্গে বিভিন্ন ক্ষতিকর উপাদান মিশিয়ে ভেজাল তেল তৈরি করা হচ্ছিল। প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র না পাওয়া পর্যন্ত এই কারখানায় উৎপাদন কার্যক্রম চালানো যাবে না এবং বিদ্যুৎ সংযোগও পুনর্বহাল করা হবে না।”

একটি মন্তব্য পোস্ট করুন