ফ্যামিলি, কৃষক ও স্বাস্থ্য কার্ড দেবে সরকার: প্রতিমন্ত্রী মিল্লাত
ফ্যামিলি, কৃষক ও স্বাস্থ্য কার্ড দেবে সরকার: প্রতিমন্ত্রী মিল্লাতগণপ্রজাতন্ত্রী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, সরকার গঠনের স্বল্প সময়ের মধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে দেশের সাধারণ মানুষ, কৃষক ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে দেওয়ানগঞ্জ পৌর শহরের ব্যাপারিপাড়ায় বন্যাদুর্গত ১৫০টি অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে প্রতিমন্ত্রী বলেন, সরকার জনগণের কল্যাণে বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জে নদীভাঙন রোধসহ এলাকার সার্বিক উন্নয়নে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তবে এসব উন্নয়নকাজ সম্পন্ন করতে কিছুটা সময় ও ধৈর্যের প্রয়োজন হবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, সহ-সভাপতি মাহবুবুর রহমান ও জাহাঙ্গীর আলম লাবলু, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, পৌর বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, সহ-সভাপতি সাদেক আক্তার নেওয়াজি টফি, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন, মৎস্যজীবী দলের সদস্য সচিব ইব্রাহীম খলিল মণ্ডল এবং ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন