বকশীগঞ্জে তল্লাশিতে ৪৫ কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল চালক পলাতক
বকশীগঞ্জে তল্লাশিতে ৪৫ কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল চালক পলাতকজামালপুরের বকশীগঞ্জে সড়কে তল্লাশির সময় ৪৫ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলের চালক কৌশলে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বকশীগঞ্জ-রৌমারী আঞ্চলিক মহাসড়কের হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বকশীগঞ্জ-রৌমারী সড়ক দিয়ে একটি মোটরসাইকেল যাওয়ার সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। এ সময় চালক মোটরসাইকেলটি থামিয়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যান। পরে পুলিশ মোটরসাইকেলটি তল্লাশি করে পেছনে বাঁধা একটি বস্তার ভেতর থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, “তল্লাশির সময় মোটরসাইকেলের পেছনে থাকা বস্তা থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
পুলিশ পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন