বকশীগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বকশীগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ডজামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউপি সদস্যসহ সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (তারিখ) বিকেলে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫ মে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের এক গৃহবধূকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় পরদিন ভুক্তভোগী বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রাশেদুর রহমান ওরফে পাপ্পু, বিজু মিয়া, বাদশা মিয়া, জসিম উদ্দিন, আসমত ও জুয়েল মিয়াকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তদের সবার বাড়ি বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইদ্রিস আলী নামে অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন