আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে না পারলে দেশ পরিবর্তন করবেন কীভাবে’— নাহিদ ইসলাম
আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে না পারলে দেশ পরিবর্তন করবেন কীভাবে’— নাহিদ ইসলামজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “যে সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পরিবর্তন করার সক্ষমতা দেখাতে পারেনি, তারা দেশ পরিবর্তন করবে কীভাবে?” তিনি বলেন, কেবল রাষ্ট্রপতির পদত্যাগ নয়, তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত ও আইনগত বিচারও হওয়া উচিত।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারী মোড়ে এনসিপির জেলা শাখা আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জনগণ পরিবর্তন ও সংস্কারের প্রত্যাশায় ভোট দিয়েছে। কিন্তু সরকারের পাঁচ মাস পার হলেও প্রত্যাশিত সংস্কার বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়নি। তিনি দাবি করেন, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের আশঙ্কা এখনো রয়ে গেছে এবং প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার ব্যবস্থায় নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, জুলাই গণ-আন্দোলনের চেতনা বাস্তবায়নের জন্য প্রয়োজন কার্যকর সংস্কার, সুশাসন, কর্মসংস্থান ও নাগরিক অধিকার নিশ্চিত করা। এসব বাস্তবায়ন না হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপির আহ্বায়ক বলেন, সংসদে দলটির আটজন সদস্য থাকলেও তারা জনগণের পক্ষে সোচ্চার ভূমিকা রাখছেন। ভবিষ্যতে জনগণের আরও সমর্থন পেলে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়নে এনসিপি কাজ করবে বলেও জানান তিনি।
এর আগে বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাঈদ মো. শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, জেলা সদস্য সচিব ডা. মোশাররফ হোসেনসহ জেলা ও কেন্দ্রীয় নেতারা।

একটি মন্তব্য পোস্ট করুন