প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
সংগীত ব্যক্তিত্ব জাকিউল ইসলাম খান টিপু স্মরণে ‘তুমি ছিলে তুমি থাকবে’
সংগীত ব্যক্তিত্ব জাকিউল ইসলাম খান টিপু স্মরণে ‘তুমি ছিলে তুমি থাকবে’
প্রকাশঃ
আসমাউল আসিফ, স্টাফ রিপোর্টার:
জামালপুরের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, প্রয়াত সুরকার, গীতিকার ও সংগীতপ্রেমী জাকিউল ইসলাম খান টিপু এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রকাশিত হয়েছে স্মরণধর্মী গান ‘তুমি ছিলে তুমি থাকবে’। জামালপুর জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগিতায় Mahbub Minel Official ইউটিউব চ্যানেলের উদ্যোগে নির্মিত গানটি টিপুর অমলিন স্মৃতির প্রতি উৎসর্গ করে সংগীতচর্চা, সৃষ্টিশীলতা এবং সাংস্কৃতিক অবদানকে স্মরণ করে নির্মাণ করা হয়েছে। দৈনিক আজকের জামালপুর ও অনলাইন পোর্টাল BanglaToday24.Com গানটির স্পন্সর করেছে।
গানটির কথা লিখেছেন ফকির খায়রুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন মাহবুব মিনেল। কণ্ঠ দিয়েছেন এনটিভি ও খবরের কাগজ এর সাংবাদিক আসমাউল আসিফ, নিউজ টুয়েন্টিফোর ও বিডিনিউজ টুয়েন্টিফোর এর মুত্তাছিম বিল্লাহ এবং মাহবুব মিনেল। ইন্ট্রো স্ক্রিপ্ট লিখেছেন ফকির খায়রুল। বাঁশিতে সুর দিয়েছেন সাঈদ হাসান বাবু। চিত্রগ্রহণ, সম্পাদনা ও পরিচালনায় ছিলেন আরএইচ রিফাত। এই উদ্যোগে সম্পৃক্ত ছিলেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের জামালপুরের সম্পাদক ও প্রকাশক এম এ জলিল, সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি মুকুল রানা, কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ বেতার ও এসএ টিভির জেলা প্রতিনিধি ফজলে এলাহী মাকাম, কার্যনির্বাহী সদস্য ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শুভ্র মেহেদী, কোষাধ্যক্ষ নিউজ টুয়েন্টিফোর ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি মুত্তাছিম বিল্লাহ এবং প্রেসক্লাবের সদস্য এনটিভি ও খবরের কাগজের জেলা প্রতিনিধি আসমাউল আসিফ।
শনিবার (১ আগষ্ট) রাতে জামালপুর জেলা প্রেসক্লাবে গানটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার শো শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় নাট্যকার শাহীন রহমান, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, শুভ্র মেহেদী, তানভীর আহমেদ হীরা, খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, মুত্তাসিম বিল্লাহ, মাহবুব মিনেল বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, জাকিউল ইসলাম খান টিপু শুধু একজন সুরকার বা গীতিকারই ছিলেন না। তিনি ছিলেন জামালপুরের সাংস্কৃতিক অঙ্গনের একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও অনুপ্রেরণার উৎস। তাঁর স্মৃতি, সৃষ্টিকর্ম এবং অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি গান ও অফিসিয়াল মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। জাকিউল ইসলাম খান টিপুর স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই বেদনা কাতর হয়ে পড়েন এবং শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আসমাউল আসিফ।
গতকাল ১ আগষ্ট (শনিবার) রাতে Mahbub Minel Official ইউটিউব চ্যানেলে গানটির অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে। প্রকাশের পর থেকেই এটি দর্শক-শ্রোতাদের আবেগাপ্লুত করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসা কুড়াচ্ছে। ইউটিউবের সার্চ অপশনে ÔTumi Chile Tumi Thakbe / Tipu Memorial / তুমি ছিলে তুমি থাকবে’ এর যে কোন একটি লিখে সার্চ দিলেই গানটি খুজে পাওয়া যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন